স্বপ্নের পরিধি ঘিরে বিসর্জিত আমার আত্মা;
মায়াবী চোখ তুলে প্রস্থান করে বিমূর্ত চাঁদ
ধীরে ধীরে তুমিও যেন হারিয়ে যাচ্ছো অন্ধকারে
হারিয়ে যাচ্ছে তোমার ঠোঁটে উদ্বেলিত জ্যােৎস্নাতকাল।
ষোলআনা বিশ্বাস ভেঙে দিয়ে
বিদগ্ধ চেতনায় কম্পন তুলে তুমি চলে যাচ্ছো
নিয়ম ভাঙার অনিয়মে তোমার চলে যাওয়া-
তীব্র আক্রোশে আমার ভেতর
বিষণ্ণতার প্রলয়-ঝড়
ব্যর্থ আশায় ভাঙছে বুকের পাঁজর
স্বপ্নেবিভোর জীবনের লেনদেন, তাও ।

বৈষম্যের দেয়ালে এঁটে দিয়েছো ক্লান্তির কাফন
তুমি চলে যাচ্ছো
তীব্রদহনে বুকটা আজ বিষাক্ততার মৌনপাহাড়
বিকলাঙ্গ সময় পিছনে ফেলে
এগিয়ে যাচ্ছো সামনের দিকে
আমি পথহারা যাযাবর দু:খ বেনিয়া
আকাশে প্রলয় বিন্যাস,
ঘাস ফড়িংয়ের নষ্ট বাস।

তুমিতো জানোনা, তোমাতেই আমার সাশ্রয়
তোমাকেই ঘিরে আমি জগত দেখি মোহন মায়ায়
কিন্তু, তুমি চলে যাচ্ছো সুখ নিনাদে ত্রস্তপায়ে
সাথে করে যাচ্ছো নিয়ে সাতরঙ রঙধনুটাও।

একবার শুধু ফিরে দেখো, নীল বেদনায়
তুমিহীন আমি ভ্রান্তপথে বিক্ষুব্ধ এক যাযাবর
আমার জীবন আমারই নশ্বর কামনার
সুখহীনে বক্ষ আমার বিতাড়িত অবক্ষয়।

Leave a Reply

Trending