অমৃতের মথিত নগর, সভ্যতার জাহাজ এসে এবার করেছে নোঙর
আবেগের ঘ্রাণ খুঁজি, শিল্পের আনুগত্যে অস্থির সহগামী।
অ্যারিজোনা থেকে আন্দামান উত্তরণের উদ্গতব্যপ্তি নিয়ে
পিকাসো অথবা
ভেনগগের নিসর্গের ছবি,
জীবনানন্দের বনলতা সেন।
অকর্ষিত সাম্রাজ্যের প্রত্নরহস্যের মানবজমিন
এখন কোলাহলে নিরন্তর…।

রাতপোহালেই যেন অন্ধকারে কাত হয়ে যায় জগত
রাতের মুগ্ধপ্রহরেই সৃজন হবে মানবীয় কল্যাণ।
স্বামীর বাহুতে বন্ধী রমণী আন্দামান ছেড়ে অ্যারিজোনা যায়
যান্ত্রীকসহবাসে আদিমসখ্যতা!
মানুষ হাঁটছে মহাপৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত
শীর্ষবিন্দুতে পৌছবে বলে।

মায়ার আত্মস্খলনে মেতে ওঠে নাগরিক জীবন
‘এ জীবন লইয়্যা কি করি’!
এমন বিষাক্ত কেন রমণীয় শরীর!
উদাস ছুঁয়ে যায় মোনালিসার ঠোঁটেও,
গোপন রহস্যের স্বপ্নিল আয়োজনে
যুবক খোঁজে নেয় মর্তের ঠিকানা বৈদ্যুতিক ঘ্রাণে।

Leave a Reply

Trending