ফারুক আহমেদ রনি

পলাতক সময়, তোমাকে আর খুঁজে পাবোনা
তোমার চলেযাওয়া পথের ধুলোয়
হারিয়েছে আমার বিশ্বাস,
আমি আজ অঘোষিত নির্বাসনে!

দ্যাখো, ক্যালেন্ডার ঝুলে আছে দেয়ালে
কিন্তু তুমি নেই, স্মৃতি এখন দাহ্য অগ্নিগর্ভ উনুন,
শ্বাস নিলেই দাউ দাউ জ্বলেওঠে
যেন অদৃশ্য দহন।
স্মৃতিগুলো অসমাপ্ত কবিতার দগ্ধ বর্ণমালা,
ছুঁলেই ঝরে পড়ে ছাই হয়ে বুকের অলিন্দে।

ফিরে যাওয়া?
সে তো নিষিদ্ধ উচ্চারণ,

জিভে নিলেই জীবন অবসাদের অতৃপ্ত স্বাদ!
ফিরে যাবার কোন পথই খোলা নেই
সময়, তোমাকে ফিরে পাবোনা,
হারিয়ে গেছো স্বপ্নের নিঃশব্দ ক্লান্তিতে
স্থির সূর্যাস্তের ভাঙা নদীর ভাটার স্রোতে!

আর আমি…
দাঁড়িয়ে আছি জীবনের কাঠগড়ায়,
দন্ডিত অপরাধবোধে!
কে আছে আমাকে ফেরাবে…
যখন পথগুলোই মুছে ফেলেছে
নিজেদের জন্মচিহ্ন?
যেখানে সূর্য ডুবে যায় না কখনো…
ধীরে ধীরে সময়ের ভেতরে হারিয়ে যায়।
অস্তিত্বহীন আমি অপেক্ষায়…
এই কালবেলা পেরিয়ে অনন্তের পথে।

Leave a comment

Trending