হারানো ছায়ায়

আমি অদৃশ্য এবং এক ধূসরছায়া,
রঙছায়া অন্তর্জলের মধ্যে নিমগ্ন,
স্বপ্ন আর যন্ত্রে খচিত দ্রোহের দ্যুতি।

কণ্ঠস্বর যেন বাতাসের খরস্রোতানদী,
স্মৃতির আবহে প্রবাহিত,
প্রতিটি খেয়াল গুম যাওয়া নীরবতা,
যা আমার অলিখিত নামই ভুলে যায়।

ইচ্ছের কাঠামো,
ধাতব কুসুমের মতো ফোটে,
মূলহীন, আমি নিজেও রূঢ় বাতাসে ভেসেচলা
এক উদাসীন খেয়াল মাত্র।

আমি সুবাস খুঁজি
স্মৃতির অলি-গলির ধোঁয়াটেপথে,
অগত্যা শরীরের প্রতিটি জংশনে অপেক্ষায়
অদৃশ্য নামের এক বিকৃত ছায়া!

আমার অতীত ভিতরে চাপা,
চল্লিশ শীতের নিঃশব্দ কুয়াশা।

আমার কিছুই নির্ধারিত নয়,
শুধু নিঃশ্বাস আর প্রতিধ্বনি;
হারিয়ে গেছি ছায়ার সমুদ্রের মাঝে,
কিন্তু আমার নিজস্ব কোনো আলো নেই।

Leave a Reply

Trending