আমি জন্মেছিলাম একবার,
কিন্তু মরছি বারবার, মৃত্যুর জন্য দায়ী
কোমলপ্রাণ বিশ্বাস, অন্ধকারের উদ্যত ফণা.
তারপর, ঘিরে রেখেছিলো একদল পোকা
ছিলাম তাদের দখলে,
চেটে খেয়েছে আত্মা, নিঃশ্বাস,
হাড়গোড় ফালি ফালি করেছে,
সময়ের করাতে বিকৃত করছে নশ্বরতাকেও
তারপর কেটেছে অস্তিত্ব।

আমিতো চক্ষুহীন জন্মান্ধ
পুষ্পমল্লিকা কেমন দেখা হয়নি,
শুঁকেছি পিঁপড়ের গন্ধ, ঠিক যেনো
মৃত শোকেদের গন্ধের মতো
যেন শুকিয়ে যাওয়া চোখের জলের অম্ল,
আরেক অচেনা শোক।
আমার মধ্যে জীবন্ত একদল ছায়া,
আমি নির্বাক, তাদের পীতবর্ণ ধ্বনি
বুকের ভেতরে গড়েছে অগ্নিস্নান বাগান
যেখানে মূর্ছনা কুড়াই,
ফুল পাতার বদলে কেবলই বিষাক্ত ছাই।

মাঝে মাঝে নীরবতার গভীরে
কোনো এক অচেনা ডাক
ধূসর কোলাহল,
অথবা অনন্ত শূন্যের জন্মগ্ৰহে
যেখানে সারি সারি মৃত জরায়ু
নীলজলের সাতার।
আমি জন্মেছিলাম একবার,
কিন্তু মরতে মরতে জেনেছি,
জন্ম আসলে এক দীর্ঘ প্রতীক্ষা
নির্বাণ অথবা নতুন এক শূন্যতার ভেতর
ঈর্ষার আগুনে পোড়া মৃতশব।

Leave a Reply

Trending

Discover more from Faruk Ahmed Roni

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading