কাম-মোহনে জলজ শরীর
নদীতে প্রণয়জোয়ার,
সারারাত স্রোতেভাসে,
অদূরে ঈষৎ হাসে চাঁদ।
দূরে পাখি ডাকে
আত্মার তৃষ্ণা বাড়ায়,
তীব্র প্রত্যাশায় সৃষ্টির কাম উত্তেজনা
শূন্যতায় আঁকা ছায়ার পূর্ণ ছবি ।
নিঃশব্দে, ভেসে যায়
বিমুগ্ধ অন্ধকারের মুখ।
জাফরান দেহের ক্লান্ত রজনী
ভেদ করে সুতীক্ষ্ণ ছুরি,
স্তব্ধ তারাদের লুকোচুরি
তবু জেগে থাকে সময়
সুরভিত বাতাসে ভাসে
এক রমণীয় আর্তনাদ।
ভাঙনের শব্দে
বেনোজলের সাতার
কোথাও গোপনে
তৃষ্ণার্ত বৃক্ষের ডাল
ছুঁতে চায় বিদগ্ধ চাঁদ।
প্রাচীন কাম আর ঘামের ঘ্রাণ
মিশে থাকে বিবস্ত্র অন্ধকারে।
থামে না স্রোত
উন্মাদনা জোয়ার ঠেলে ঠেলে
তীরে ভিড়ে হরিত সাম্পান।



Leave a comment