মধ্যরাত চিবিয়ে চিবিয়ে খায় অন্ধকারের হাড়
মাংসল শরীর ঝরে পড়তে থাকে জনারণ্যে
জেগে থাকে মিথিলা…
ভিজে আকাশে চোখ রাখে মায়াবী কান্নায়
সুনিপুণ উচ্চাকাঙ্ক্ষা ঝাপ দেয় স্থলজ পাহাড়ি জঙ্গলে
সাঁতরে পার হয় মরুভূমি।
পঙ্গপাল আর মশার হিড়িক নগরে
গিলে খাচ্ছে মিথিলার যৌবন
মৃত্তিকাজাত মেঘের শরীর উনুনে রাঁধা হয়
রাঁধা হয় উর্বর দেহের মেদ- শুকনো শুঁটকি
কাঁটা বিঁধে জরায়ু ছিঁড়ে।
স্নানেরজলে চুপসে থাকে দুধের সর
ভাসতে থাকে পাতিহাঁস মিথিলার নাভিমুলে
জেগে থাকে মিথিলা, জেগে থাকে খেরো খাতায় লিপিবদ্ধ
আত্মহননে অরণ্যের বিষাদগাঁথা।
ঘাসফুলে বুনোবাতাস ধস্তাধস্তি পূর্ণিমায়
নিঃসঙ্গ সময় ঝুলে থাকে মিথিলার গলায়
এক অমূল্য দ্রোহের মণিহার!



Leave a comment