নদী দেখলেই ভেতরে জলকেলি উৎসব
একদিন তুমি বলেছিলে;
এই নদীতে একটা সাঁকো হলে
একসাথে পারাপার হবো, উৎসবে রঙিন হবো,
তোমার জন্য পাঁজরের হাড় আঁটিয়া সাঁকো বানালাম
অস্থি চিড়গোড় করে তুমি হেঁটে যেতে,
জলকেলি উৎসব হয়নি কখনো,
তবুও জলোচ্ছ্বাস ভেঙেছে নদীর দু’পাড়।
আমরা তখন বিরামহীন চঞ্চল হৃদয়
চুলের সিঁথির মত সরু পথ, দুধারে কাঁটাকুঞ্জ
সন্ধ্যা দুপুর হাতের মুঠোয় স্বপ্নমায়ায়
বিপন্ন সময় করেছি পার
এক মাঘীপূর্ণিমায় তুমি বলেছিলে;
আকাশজুড়ে উজ্জ্বল নক্ষত্র হবে, তুমি তাই হলে;
আমি যুগিয়েছি তোমার শরীরজুড়ে বিকিরণ রশ্মি;
তবুও, আমি অমাবস্যার অন্ধকারে বিশ্বাস কুড়োই ।
তুমি বলেছিলে;
পাহাড় চড়বে, উদরে ভাসবে মেঘমল্লিকা
শিরদাঁড়া উঠের পিঠের মত মেরুদণ্ড কুঁজো করে
সিঁড়ি করে দিয়েছি, শুধু তোমার জন্য,
তর তর করে ওঠে গেছো উপরে
তোমার নাভিপদ্ম আজ ভাসমান সমুদ্র,
আমি এখনো মেরুদণ্ড সোজা করতে পারিনি,
সময়গুলো যেন আজ কষ্টের ভেতরে বুকেহাটা
বিষধর সরীসৃপ।

Leave a Reply

Trending

Discover more from Faruk Ahmed Roni

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading