আমরা তখন শুধুই স্বপ্ন দেখি;
ভিখিরির চোখে শস্যের দানার মত
উদাসীন এক অবিমিশ্র বিকীর্ণ স্বপ্ন,
চলন বিলে পদ্মপাতায় ভেসে যাওয়া উষ্ণ আলিঙ্গন।
ক্লান্ত সময় পেরিয়েছি বীতস্পৃহ
মহানগর চষেছি উদভ্রান্ত নেশায়
আজ বুকের শহর ট্রয়যুদ্ধের কুরুক্ষেত্র
রক্তশিরার রন্ধ্রপথে হাহাকারের তপ্তজ্বালা।

তবুও, তোমার জন্য এখনো আমি ভ্রান্তপথে, একা!
তুমিতো সব পেয়েছো, হাত বাড়িয়ে চাঁদ
আমার জন্য বর্ষার বেনোজলে সাঁতার কাটা।
তোমার যজ্ঞযাত্রায় শ্রীক্ষেত্র উন্মোচন
অবশেষে তুমি সার্থক
জয় করছো পার্থিব স্বাপ্নিক খেয়াল
আমি আছি এখনো, অনীহায় বেঁচে থাকা
নাভিশ্বাসের চরম গ্লানিতে শুধু কষ্টের প্রহর তাড়াই
নষ্ট সময়ের প্রতিকৃত, এক বিপন্ন মানব।

Leave a Reply

Trending

Discover more from Faruk Ahmed Roni

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading