আমাদের বিশ্বাসকে দ্বিখণ্ডিত করা হয়েছে
দ্বিখণ্ডিত করা হয়েছে আত্মাকে
প্রতারিত হয়েছে দ্বিধাগ্রস্ত মানুষের সুখ,
সংশয় থেকে মুক্ত হতে পারেনি গোধূলি র রঙ
অথবা শিশিরে ভেজা পৌষের ভোর।

মানুষ জন্মের নৈতিকতাও ভাগ-ভাটোয়ারায় গেছে
এমনকি তমসার বিদগ্ধ রজনীও
প্রতারিত বিস্ময় নিয়ে ক্লান্ত আজ মনুষ্যবোধ।
এ কেমন বিনির্মাণ, কেবলই নৈরাজ্যের সংসার!
আমাদের প্রত্যাশার আর কোন পথই খোলা নেই
আমরা প্রতিহত হচ্ছি কুয়াশার অন্ধকারে,
চকচকে লাঙলের ফলায় সোনালী জং ধরেছে
আমরা বিনিয়োগ হচ্ছি দেনার দায়ে!

আমাদের প্রত্যাশার শরীর আজ নিথর লাশকাটা ঘরে
আজই রঙিন স্বপ্নের পোস্টমর্টেম হলো
আজই শ্মশানে দাউ দাউ লুপ্ত হলো দয়িতার আত্মা
তারপরও আমাদের সংশয়
নিষ্পত্র বৃক্ষের মত নতজানু
প্রকৃতিও যেন বিয়োগ বেদনায় বিভাজিত!

আমাদের প্রত্যাবর্তনের জন্য মুক্তির পথেও বিষ কাটা,
আমাদের সুশৃঙ্খলিত ভাবে বিভক্ত করা হয়েছে
দুরন্ত মেঘগুলো যেমন খোলা আকাশে বেপরোয়া
মিছিলের শক্তি যেমন মুষ্টিবদ্ধ সামনে চলা
তেমনি আমাদের মৃত আকাঙ্ক্ষার
পিছনের ফেরার বিন্যাস্ত প্রত্যয়।

Leave a Reply

Trending

Discover more from Faruk Ahmed Roni

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading