নির্বাসনে স্বপ্নের জন্মতিথি
দেখলাম ল্যাম্পপোস্টটি দীর্ঘ হয়ে
হেলে পড়েছে আমার বারান্দায়;
তখনও চাঁদে ঝুলছে তোমার মুখ
দুচোখে ঝলসে ওঠে বন্ধ্যাআলো,
দুঃসময় আমাথেকে কেড়ে নিয়েছে নিসর্গেরসুখ ।
ভুলে গেছি, কবে সত্যিই অন্ধ ছিলাম;
উড়ন্ত বরফের গর্জন,
বিদ্যুৎ চিটকে পুড়িয়ে দিয়েছে পূর্ণিমাকাশ;
ভালবাসায় ভাঁজ করা স্মৃতিগুলো
হুমড়ি খেয়ে পড়েছে লাইমহারবারে।
আমি এক অনাবাসী আগন্তক।
তখনও বুঝতে পারিনি;
জলের নাভিতে বাস করে উনুনের শরীর;
নেফারতিতি কিংবা ক্লিওপেট্রাকেও
তন্দ্রাঘোরে ভাবতে পারিনি প্রেমিকা,
যেখানে তুমি বক্ষকম্পমান উর্বশী।
সময়ের নির্বাসনে অজ্ঞাত পড়ে আছি, শূন্যস্থানে,
যেখানে ভস্মবৎ আয়ু পুড়ে যায়;
বাহুবন্ধনে শুয়ে আছে সন্ন্যাসী-মৃত্যু!
এখনও রাতের তৃষ্ণায় নুয়ে আসে তোমার ঠোঁট,
তোমার জন্য কেঁপে ওঠে বুকের হ্রদ।
দুঃখগুলো ছিনিয়ে নিয়েছে স্বপ্নে-ভাসা নিদ্রা,
তবু অঘুমের শরীর আজও তোমাতেই করে বন্দনা।
অপেক্ষা আর উপেক্ষায় ডানাভাঙা-
বিস্মৃত রাতের শরীর
সময়ের নির্বাসনে জেগে থাকে স্বপ্নের জন্মতিথি!





Leave a comment