নীল অন্ধকারের বিস্মৃতি
পাথরভাঙা আলো দিয়ে শুরু হয় প্রণয়বুনন,
স্মৃতির ফসিল খুঁড়ে উঠে কুয়াশারঙ শরী্র,
নিখোঁজ হৃদয়, নিঃশ্বাসে জ্বলে অদৃশ্য দাহ
দীর্ঘদিন নক্ষত্রের মতো, অনবয় সংজ্ঞাহীন।
আমার নিঃশ্বাসে জ্বলেপুড়ে নির্বাক অন্ধ স্পর্শ,
নৈঃশব্দ্যের ভাষায় ছুঁয়ে দেয় স্মৃতির গ্রীবা,
যা বাতাসে বিনিয়োগ, খুঁজে ফেরে অবিরত।
যেখানে নীরবতা নিজেই ব্যঞ্জনা হয়ে ওঠে।
আমি লিখি তোমার নাম কুয়াশার ভেতরে,
যেখানে রোদও পড়ে না, পড়ে নিঃশ্বাসমাত্র।
তোমার ঠোঁটের ভাষা আজ শব্দহীন ছায়া,
শুধু স্পর্শের পরিধিতে জন্ম নেয় অনল।
আমরা দুটি মানুষ ছিলামনা, ছিলাম দুই অনন্ত,
সমান্তরাল রেললাইনের মতো অসম্পূর্ণ মিল।
ভাঙা মোমের শরীরে তুমি ছিলে দীপ্ত আগুন,
আর আমি নীল অন্ধকারে গলেপড়া বিস্মৃতি।





Leave a comment