তুমি আমার নষ্ট প্রলয় উদাস জীবন ক্লান্তবাস
তুমি আমার বুকের ভেতর জ্বালিয়ে দেয়া প্রখর তাপ।
তুমি আমার নি:স্ববনে একটি গোলাপ পরাগ-কাঁটা
তুমি আমার আগলে রাখা বিশ্বাসেরই প্রণয় টান।
বর্ষা এলে উতলে ওঠে খামখেয়ালী নদীর স্রোত
তুমি আমার সিক্ত মায়ায় আজলাভরা কদম ফুল
হাতের মুঠোয় গলেপড়া তোমার প্রীতির উতল টান
ভাব-বিলাসে স্বপ্ন-কাতর, রাত্রি এবং সন্ধ্যা-দুপুর।
তুমি আমার মুগ্ধ আকাশ, লুঠিয়ে পড়া চাঁদের হাসি
তুমি আমার মেঘ বালিকা পাহাড় ছুঁইয়ে ঝর্ণাধারা।
তোমায় দেখে নিশিত রাতে পথ হারালো বন-মৃগয়া
পথ হারালো পথের বাঁকে মূর্ত পথিক ব্যর্থ ছায়া।
যোগ-সাধনে নিত্যপ্রহর তুমি এসে প্রেম-বিলাসে
ঢেউ তুলে যাও উষ্ণ হাওয়ায় ভ্রান্তপ্রাণের গোপনবাগে।
তুমি আমার ভিন্ন জগত আত্মযুদ্ধের ব্যর্থ খেয়াল
ঝড় বোশেখে জোছনা রাতে চঞ্চলচিত্ত মনস্কাম।
তোমার বুকের নীল সাগরে ঝাপ দিয়ে যাই
নিত্য আমি তৃষ্ণা কাতর! যখন তখন অষ্টপ্রহর।
তুমি আমার প্রণয় নিশিত উপচেপড়া সুখের ঘাম
খরায় পুড়া শস্যখেতের কচি ধানের নষ্ট প্রাণ।
শূন্যতার এক নি:স্ব আকাশ আমায় দিয়ে
তুমি এখন মুক্ত বিলাস, ভাসছো কেবল
বৃষ্টি ফোঁটায় দিঘির জলে, ভাসছো কেবল
হংস মিথুন, পরাণকাড়া অন্তপুরে শান্তমায়ায়।





Leave a comment