তোমার কপালের সূর্য মুছে গেছে কোন এক অমাবস্যার রাতে
উনুনেরজলে স্নান সেরেছো, শরীর তোমার এখনো অগ্নিপিণ্ড
বুকের উপর পুঁজিবাদী আগ্রাসন, রক্তবর্ণ নিথর বিদগ্ধ ঠোঁট
তোমাকে ক্ষমা করেনি সময়, জরায়ুতে পোষা নিষ্ক্রিয় ফুল।
স্তন চুষে চুষে পিপীলিকারা যেন মাতাল বুনোপ্রাণী
বিকৃত আঁচড় বিঁধেছে বুকে, ক্ষত বিক্ষত পূর্ণিমার উঠোন
হাত বাড়িয়েছি প্রণয়টানে, অনাদরে বিধ্বস্ত কাঠকয়লাশরীর
মানুষ চিনতে পারোনি, মানুষ নামে কেবলই কাম-মায়া!
কোন এককালে বসন্তবাস ছিলো, চারিদিকে মমতায়লীন
এক জাদুকরী নদিও ছিলো কাশফুলের বাহারি দুইপাড়
তখনও আমি সাঁতরে পার হতে পারিনি, গভীর জলে ডুব
বারবার পুড়িয়েছি নিজেকে, প্রেম যেন দৈবাৎ আগুণ।
তুমি আজ বিবাগী, সময়ের পরিত্যক্ত স্মৃতির সুষমা
তোমাকে ঘিরে দুঃস্বপ্নের কালোহাত, কৃষ্ণবর্ণ রাত
অসময়ে খামচে ধরেছে অন্ধকারের পিচাশশকুন
চাঁদের প্রাঙ্গণে কাটাকুঞ্জ, রক্তাক্ত গোলাপপাপড়িদল।





Leave a comment