মানবতা জ্বলছে, পুড়ছে বুদ্ধবচন

বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাস, রক্তের ধুঁয়া উড়ছে বাতাসে,
উড়ছে নিগৃহীত লাশেরা মায়ানমার সীমান্তজুড়ে।
আকাশের ক্যানভাসে রক্তাক্ত রাখাইনের প্রতিচ্ছবি
নাফনদীতে সাতার কাটছে অযুত-নিযুত স্বপ্নেরা
ভাসছে করম আলি, মধুচান, গলাগলি মমতার শিশুরা
কুঁকড়ে যাওয়া বৃদ্ধা গুলবানুর সাড়ে পাঁচ হাত শাড়ীতে
পেঁচিয়ে ছাপ্পান্নহাজার বর্গমাইলের কাঙ্ক্ষিত বাংলাদেশ।

হাঁটছে গুলবানু, তার পদভারে ভাঙছে মানবতার পাহাড়
ছিঁড়ে টুকরো টুকরো হচ্ছে শৃঙ্খলিত বিশ্বাসের জিঞ্জির।
মরিয়ম, জুলেখা, লক্ষ্মী, দুর্গা আর আলেয়ার জরায়ু
ভেদ করে গেছে ডজন ডজন বিষাক্ত বুলেট
যে বুলেটের আঘাতে জন্ম নিচ্ছে হাজারো বেজন্মা
দাউ দাউ পুড়ছে ত্রিপিটক, কোরআন আর বাইবেল
পুড়ে পুড়ে ঝরে পড়ছে পবিত্র শব্দাবলী
মহাভারত অশুদ্ধ করে নির্গত হচ্ছে রক্তস্রাব
ধর্ষিতা মন্দোদরীর শরীর নির্গত লউয়ে ভাসছে বঙ্গোপসাগর
তবুও হামাগুড়ি মেঘনাদ পাড়ি দেয় অজস্র মাইল।

পোড়া মানুষের গন্ধ শকুন তাড়ায়
যুদ্ধবিধ্বস্ত সারি সারি গ্রাম, রাতের অন্ধকারে ডুবে থাকা
ভয়ংকর বিলুপ্ত নগরজুড়ে দানবনৃত্য
বৃক্ষ, তরুলতা শেকড় ফোড়ে মৃত্তিকার গভীরে লুকায় সংকীর্ণ শরীর
কিশোরীর স্বপ্নময় চোখের বিস্তৃত মাঠজুড়ে খাঁখাঁ মরুভূমি
মানবতা জ্বলছে, পুড়ছে বুদ্ধবচন...
আজ রক্তের বিনিময়ে সিদ্ধার্থের মানবপ্রেমের যবনিকা হলো
যবনিকা হলো ত্রিপিটক নির্গত মানবধর্মের মাছলা-মা ছায়েলের।

আজ বৌদ্ধ, মারমা আর মগদের উল্লাসে কাঁপে
জাতিসংঘের নিশ্ছিদ্র দেয়াল। কাজুবাদাম চিবোয় চিন-রাশিয়া,
ভারতের বেড়িকরা সীমান্তজুড়ে বেড়ে ওঠে সংশয়।
লক্ষ মানুষের বিদগ্ধ বিশ্বাসের উদ্যান আজ অনাবৃত লাশের পাহাড়
বিকলাঙ্গ বিশ্বমানবতা হুমড়িখাচ্ছে টক পড়ছে এসেম্বিলীতে
পৃথিবী অবাক তাকিয়ে থাকে অলৌকিক বিশ্বাসে!

Leave a comment

Trending