আজ এই সন্ধ্যায় অনাহুত বিবেকের সাথে সন্ধি করেছি;
নিতান্তই কামনার ব্যাকুলতায় উচ্ছ্বসিত হয়ে
তোমার পানে ধাবমান। বনহরিণীনৃত্য
বুকের পাঁজর মাড়িয়ে দ্রুত ছুটে চলে অলৌকিক কক্ষপথে।

তুমি যেন আমার স্বপ্নের ভেতরে মোনালিসা স্বভাব!

তোমাকে বুঝতে পারিনা, তোমার মৌনতা আমাকে ব্যবচ্ছেদ করে
তবুও আমি বৈশাখী ঝড়ো-হাওয়ায় অপেক্ষা কাতর!
প্রত্যাশার চরম অবক্ষয় আমাকে অভীষ্ট করে,
আমি প্রতারিত হই আমারই বিস্ময় ত্বরান্বিতে।

স্বর্গের বহুজাতিক দেবাশ্রীয় সুখ আমাকে তাড়িত করেনা!

আমি মোটেই উন্মনা নই। হতাশার রঙিন আগুনে জ্বলে প্রকৃতি,
জ্বলেপুড়ে সবগুলো রঙ পশ্চিমাকাশে রঙধনু ছড়ায়
প্রভাবিত করে প্রেমিক হৃদয়। যেমন তোমার ভেতরের
বৈষ্যমতাকে ভেদ করে আমি বেড়ে উঠছি ক্রমান্বয়ে।

তোমার চৌহদ্দি ঘিরে কেবলই আমার অস্তিত্ব!

তুমি টের পাচ্ছো? সংক্রামক ব্যাধিগুলো জড়ো হচ্ছে অবলীলায়;
সৌরজগতে ধ্বস নামবে- প্রকৃতি বিবর্জিত হবে করুণার নামে।
তুমি শুনতে পাচ্ছো? বীভৎস শব্দে বার বার কেঁপে ওঠছে পর্বতমালা,
মেঘেরা খেলা করছে উদাসীনতায়। শুধু তোমার জন্য, তোমারই প্রতীক্ষায়।

আজ নগরী প্লাবিত, নুহ’হের কিস্তি নোঙর করেছে হৃদয় বন্দরে!

তাড়াতাড়ি করো, এসো, হাত ধরো
বিশ্বাস কুড়োতে কুড়োতে আজ দুর্লভ হয়ে যাই।

Leave a comment

Trending