“Everything has beauty, but not everyone sees it.”
Confucius
সময়গুলো ধারালো ছুরির মত কাটছে
দ্রুত ব্যবচ্ছেদ করছে আত্মাকে
বিশ্বাসগুলো কুয়াশার মতো উদাসীন ছেয়ে আছে
আমি অকৃতজ্ঞ মানুষগুলোকে দেখি আর অবাক হই!
বিশ্বস্ত শব্দের বিকল্প আর কোথাও নেই।
প্রশস্তহাত বলতে বিধাতার অপার জমিন
যেখানে আমার কোন জায়গা হয়না
করোনা আর প্রকৃতির বিধ্বস্ত অবয়ব
লুকিয়ে আছে দিগন্তজুড়ে…।
অলৌকিক এক বিস্ময় নিয়ে অপেক্ষায় নশ্বরতা
বসন্তের ত্রিপ্রহরে যৌবন নিলাম হয়েছে
বেদখলে গেছে সৌখিন চাঁদের উঠোন
সংশয় পরিত্যক্ত স্বপ্নের পরিধি।
কার কথা বলবো; নারী, সুখ, বান্ধব নাকি সহকর্মী?
সবুজ ঘাসের শরীরে কীট-পতঙ্গের আবাস
প্রতিহিংসার আগুনেপুড়ে মনের বসতি
দগ্ধশ্রাবণের লোহিত বৃষ্টিজলে ভাসে প্রণয়নদ
প্রতারণায় বিকেছে বিবেক
তবুও বেঁচে আছি বিনম্র, অলীক বাসনায়।
ক্লান্ত অবেলায় কাঁধের উপর টের পাই
এক অবিনশ্বর হাত…
আমি জানি-
অন্ধকার মেঘের পিছনে বাস করে মসৃণ আকাশ।





Leave a comment