মেঘের মিছিল উদ্যত আলোকছটা নিয়ে
উত্তর থেকে দক্ষিণে ধেয়ে যাচ্ছে
এমনই অস্থির ধুসর আকাশে সূর্যের ক্রমিক উন্মোচন,
নৈসর্গিক জাদুমন্ত্রে যেন মেঘের সাথে
আকাশের পার্থিব মায়ার কি এক অদ্ভুত সখ্যতা
এমনই মায়ার নৈঃশব্দ্যের বৈরী যোগ!
ক্লান্ত সূর্য অস্ত যাচ্ছে…
আমার হাতের করতলে পাঁজরভাঙা শালিক ছটফট করে
ব্যাকুল ক্ষুরধার বাতাস, উদাসীন ঝাপটে ধরে বিষবোধ শরীর!
আমি নির্বাক প্রতিবাদ করি,
এমন শৈল্পিক সৃজনতত্ত্বের পীড়িত মায়া
আমার রক্তের প্রতিটি স্তরে, অণুতে
স্থবির শিল্পপ্রক্রিয়া
আমি ধারণ করি বিষাক্ত বিস্বাদে;
ঘুমহীন ক্লান্তির বিচ্ছেদে নুয়ে পড়ছে সকল নিঃসঙ্গতা
শীতের কুয়াশার রহস্যনিয়ে আমারই বুকে
ত্রিকাল নির্জনতায়।
মানুষজন্মের দৃশ্য-অদৃশ্যে অন্তরভ্রমণের
এমন বিকল্প প্রণয়,
এমন অনুভবের শিহরন,
আমার মগ্নচৈতন্যের গহনে প্রলোভিত
কেন হে বিধাতা!





Leave a comment