দুঃখ কাকে বলে, আমি জানতাম না
যে দিন তুমি প্রথম মুখ ফিরিয়েছিলে আমায় দেখে
সেদিন বিধাতাও কষ্টে গভীর প্রহর বিদীর্ণ করেছেন
তমসার কৃষ্ণপক্ষ গ্রাস করেছে প্রকৃতির শিল্পালোক।

যেদিন আমায় অভাজন ভেবে তুমি প্রথম মুখ ফিরিয়েছিলে
দুঃখে বিবর্ণ হয়েছে বিশ্বাসের উঠোন, ফেরার হয়েছে সুখ
ঈর্ষায় অমরত্ব পেয়েছিলো নিঃসঙ্গতা।
বিষণ্ণতায় পথ হারিয়েছে বুনো মেঘ
আর ম্লান হয়েছে চাঁদোয়া রাত।

অভিমানে শূন্যতার হাহাকার নিয়ে নিসর্গের পথে
তৃষ্ণা-কাতর অস্থির যৌবন, বিক্ষুব্ধ হৃদয়-মাঠ ।

দুঃখ কাকে বলে, আমি জানতাম না
যেদিন তুমি প্রথম মুখ ফিরিয়েছিলে আমায় দেখে
সেদিন থেকে প্রস্ফুটিত গোলাপ বেদনার তাপদাহে
বিন্যাস ছড়িয়েছে উত্তপ্ত শ্মশান।
সেদিন থেকে সুনীল সংসার উন্মত্ত কোলাহল
দুঃখ আমার অরণ্য বাগান।

Leave a comment

Trending